বিশ্বকাপ খেলতে গেল না কেন বাংলাদেশ, তদন্তে কমিটি গঠন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি ; সংগৃহীত

ঢাকা: টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্লাহকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার সই করা এক বিজ্ঞপ্তিতে (স্মারক নয়- ৩৪.০০.০০০০.০০০.০৭১.৩৩.০০০১.১৭.৪২৪) এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার পেছনের কারণ, প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে এই কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সুপারিশও প্রদান করবে তদন্ত দল। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ ক্রিকেটের মতো জনপ্রিয় একটি খেলার ক্ষেত্রে বিশ্বকাপের মতো বড় আসরে দলের অনুপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে দেশের ক্রিকেট প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছেন।

এদিকে তদন্ত কমিটি গঠনের খবরে ক্রীড়াঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটিত হলে ভবিষ্যতে জাতীয় দলের আন্তর্জাতিক অংশগ্রহণ আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

এর আগের বিসিব নির্বাচন নিয়ে তদন্ত করে অনিয়ম পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বধানীন ক্রিকেট বোর্ড ভেঙে দেয় মন্ত্রণালয় এবং অ্যাডহক কমিটি গঠন করে। 

এসআই