ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসানের পাশে ক্রীড়া মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন। রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লাখ টাকার চেক তাঁর বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রন্ত একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

প্রতিমন্ত্রী আরো জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে। তিনি হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন,  অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পিএস