এক পয়েন্ট নিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র মধ্য দিয়ে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে দুই দল। শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ের মাধ্যমে এক পয়েন্ট নিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করা লাল-সবুজের প্রতিনিধিরা শেষ ম্যাচে অন্তত পরাজয় এড়িয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ানমার। প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। ১০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করে মিয়ানমার।

বাংলাদেশও ধীরে ধীরে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয়। ১৯ মিনিটে আফঈদা খন্দকারের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। আট মিনিট পর কর্নার আদায় করে বাংলাদেশ। এরপর ৩৮ মিনিটে আসে ম্যাচের অন্যতম সেরা সুযোগ। মিয়ানমারের এক ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। দ্রুতগতির শট নিলেও তা মিয়ানমারের গোলপোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। ম্যাচের শেষ দিকে মিয়ানমার চাপ বাড়ালে ৭৭ মিনিটে তাদের একটি জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।

শেষ মুহূর্তে বাংলাদেশও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৮৫ মিনিটে কর্নার আদায় করে তারা। এর এক মিনিট পর ঋতুপর্ণার শট মিয়ানমারের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। সেখান থেকে পাওয়া আক্রমণেও অফসাইডের বাঁশি বাজে।

শেষ দিকে মিয়ানমার আরো কয়েকবার আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ আর ভাঙতে পারেনি। শেষ বাঁশিতে স্কোরলাইন গোল শূন্য ড্র-তে শেষ হয়।

পিএস