মায়ের জন্য মাশরাফির কোটি টাকার ‘মর্তুজা কটেজ’

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:৩৮ এএম

মায়ের স্বপ্ন পূরণ করতে নিজ জন্মস্থান নড়াইলে ‘মর্তুজা কটেজ’ নামে একটি ডুপ্লেক্স ভবন তৈরি করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরই মধ্যে ‘মর্তুজা কটেজ’ প্রায় ২৫ ভাগ কাজ শেষ হয়েছে।

এখন চলছে দোতলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি। মাশরাফির জন্মস্থান নড়াইল শহরের মহিষখোলা গ্রামে পুরোদমে চলছে বাড়ির নির্মাণ কাজ।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, মাশরাফি তার মায়ের স্বপ্ন পূরণ করতেই ‘মর্তুজা কটেজ’ নামে এ বাড়ি তৈরি করছে। ছাদ ঢালাইয়ের সময় মাশরাফি বাড়ি আসবে বলেও জানিয়েছে।

তিনি জানান, প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডুপ্লেক্স ভবন নির্মাণ করছেন মাশরাফি। দোতলা বাড়িটির প্রতিটি ফ্লোর হবে ১২৫০ স্কয়ার ফিট। দোতলায় থাকবে একটা মাস্টার বেডরুম এবং তিনটি বেডরুম। প্রতিটির সঙ্গে অ্যাটাচড বাথরুম, প্রতিটি শোবার ঘরের সঙ্গেই থাকবে বারান্দা। 

থাকবে একটা ফ্যামিলি লিভিং রুম আর একটা কিচেন। বাড়ির নিচতলায় থাকবে ড্রইং রুম, ডাইনিং রুম, বড় একটা রান্নাঘর, একটি গেস্ট বেড রুম, একটি কমন বাথরুম, একটা সার্ভেন্ট বেডরুম আর তার সঙ্গে লাগোয়া একটা বাথরুম। বাড়ির সামনে থাকবে বিশাল উঠোন। এছাড়া দুটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে।

বর্ণা ইঞ্জিনিয়ারিং নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির দায়িত্ব দিয়েছেন মাশরাফি। বাড়িটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি