ঢাকা: মাঘের শেষ দিকে এসে কমতে শুরু করেছে শীত। এদিকে শীত কমার সাথে সাথে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৫ দিন তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া প্রথম দুই দিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
পিএস