আবারও বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুষ্ক আবহাওয়া ও বৃষ্টির অনুপস্থিতিতে শহরটির বায়ুমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউআইএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউআই) দাঁড়ায় ২৫৩— যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এর আগের দিনও পরিস্থিতি প্রায় একই ছিল। বৃহস্পতিবার সকালে শহরটির আইকিউআই ছিল ২৪৬, যা একইভাবে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় অবস্থান করছিল।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর, যেখানে আইকিউআই ছিল ২২৫। পাকিস্তানের আরেক শহর করাচি কিছুটা উন্নতি করে নবম স্থানে নেমে এসেছে, যার স্কোর ১৩৪।
ভারতের দিল্লি তৃতীয় অবস্থানে রয়েছে ১৮৭ স্কোর নিয়ে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। একই দেশের কলকাতা রয়েছে চতুর্থ স্থানে, যার স্কোর ১৮৪।
এছাড়া তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে— কাঠমান্ডু (১৭৮), ডাকার (১৭২), হ্যানয় (১৫৮) এবং ইয়াঙ্গুন (১৫৭)
বিশেষজ্ঞদের মতে, আইকিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এম