রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তিও

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:১০ পিএম

ছুটির দিনে শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। মাঝে মাঝে মেঘের ফাঁকে সূর্যের দেখা মিললেও বিকেলের দিকে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি, সঙ্গে ছিল দমকা ঝড়ো হাওয়া।

ফাগুনের এই স্বল্পস্থায়ী বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। দিনের গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে হঠাৎ বৃষ্টিতে অনেকেই স্বস্তি অনুভব করেন। তবে বৃষ্টি শুরু হওয়ায় বাইরে থাকা মানুষদের কিছুটা ভোগান্তিতেও পড়তে হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে। ইফতারের পর কেনাকাটায় বের হওয়া অনেকেই শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কিছু সময়ের জন্য বিপাকে পড়েন। তবুও আকস্মিক এই বৃষ্টি অনেকের কাছে রোমাঞ্চকর হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সংস্থাটির ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (১৫ মার্চ) রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া সোমবার (১৬ মার্চ) ও মঙ্গলবার (১৭ মার্চ) দেশের প্রায় সব বিভাগেই বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, তবে শেষ দিনে সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। সে সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল, যা দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

এম