ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, বন্যার শঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৩৫ পিএম

দেশের দিকে অগ্রসর হচ্ছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এটি চলতি বছরের পঞ্চম এবং অন্যতম সক্রিয় বৃষ্টি বলয়, যা দেশের অধিকাংশ অঞ্চলে প্রভাব ফেলতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে বলা হয়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগ। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এর উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ-এ মাঝারি এবং রাজশাহী বিভাগ-এর কিছু এলাকায় তুলনামূলক কম সক্রিয়তা দেখা যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয়ের প্রভাব অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়টিতে সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে। এর আগেই, ২৫ এপ্রিল দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের বিভিন্ন জেলায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে, যা সীমান্তবর্তী বাংলাদেশের নদ-নদী ও হাওর অঞ্চলে পানির স্তর দ্রুত বাড়িয়ে দিতে পারে।

বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় টানা বর্ষণ হতে পারে, যা জনজীবন ও কৃষিতে সাময়িক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম