তীব্র বজ্রপাতের ঝুঁকি নিয়ে দেশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’। সোমবার (১১ মে) আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা ৯ দিন দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি-র পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত এই বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে। তবে এই বৃষ্টি টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকলেও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে এবং সেখানকার আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত মাসে বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে নতুন এই বৃষ্টি বলয় ও বজ্রপাতের ঝুঁকি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
এসএইচ