ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় ব্যালট পেপারসহ ভোটগ্রহণের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রিটার্নিং কর্মকর্তারা এসব উপকরণ বিতরণ করছেন।
সকাল থেকেই সাতক্ষীরা সদরসহ সাতটি উপজেলা চত্বরে ব্যস্ততা দেখা যায়। সারি সারি সাজিয়ে রাখা হয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল প্যাডসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের জন্য বরাদ্দকৃত মালামাল বুঝে নিচ্ছেন।
দুর্গম উপকূলীয় এলাকা, বিশেষ করে শ্যামনগর ও আশাশুনির নদীবেষ্টিত কেন্দ্রগুলোর জন্য বিশেষ নৌযানের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সময়মতো সরঞ্জাম পৌঁছে দিতে বিকল্প পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। মাঠে দায়িত্ব পালন করবেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।
জেলায় ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ১৮ লাখের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সাতক্ষীরার প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকা থাকায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্নব দত্ত বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মালামাল পৌঁছানোর পর কেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হবে। আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ।
এসএইচ






































