ছবি: সংগৃহীত
ফেনী সদর উপজেলায় বদরুল আমীন নামের এক যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ির সংলগ্ন একটি খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, খামারের মালিক বদরুল আমীন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। তাঁদের ভাষ্য, দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি খামারে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বলেন, উদ্ধার করা পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ






































