ছবি : প্রতিনিধি
মাদারীপুর: মাদারীপুরের ডাসারে দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতনামা দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত এবং আহত হন অন্তত ২০ জন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
পিএস







































