• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংবিধান সংশোধন কমিটি নিয়ে নতুন সমীকরণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৪১ পিএম
সংবিধান সংশোধন কমিটি নিয়ে নতুন সমীকরণ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে সংবিধান সংশোধন সংক্রান্ত ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ এই প্রস্তাব উত্থাপন করে তিনি জানান, প্রস্তাবিত এই কমিটিতে ১২ জন সদস্য ট্রেজারি বেঞ্চ থেকে চূড়ান্ত করা হয়েছে এবং বাকি ৫ জন সদস্যের নাম প্রধান বিরোধী দল থেকে চাওয়া হয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, সরকারি দলের জন্য বরাদ্দকৃত আসনের মধ্যে ৫ জন অন্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে।

আইনমন্ত্রীর এই প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে তাদের দলের ভেতর বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।

বিরোধী দল এই কমিটির বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানাবে উল্লেখ করে তিনি বলেন, তারা চেয়েছিলেন সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার, কিন্তু সরকারের প্রস্তাবে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। 'সংস্কার' ও 'সংশোধন'-এই শব্দগত ও আদর্শিক পার্থক্যের কারণে বিষয়টি অধিকতর পর্যালোচনার দাবি রাখে বলে তিনি মনে করেন।

সংসদীয় আলোচনায় আইনমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, সরকার জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধীদের সময় দেওয়ার বিষয়ে নমনীয় মনোভাব প্রকাশ করে তিনি বলেন, সরকার কোনো তাড়াহুড়ো করতে চায় না এবং প্রয়োজনে আগামী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা হবে। স্বচ্ছতা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি আধুনিক সংবিধান নিশ্চিত করতেই সরকার সব পক্ষকে অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। আইনমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনের পথে দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হলো।

এসএইচ 
 

Link copied!