• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আধিপত্যের দ্বন্দ্বে মাগুরার শ্রীপুরে রণক্ষেত্র, আহত কয়েকজন


 মাগুরা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০৮ পিএম
আধিপত্যের দ্বন্দ্বে মাগুরার শ্রীপুরে রণক্ষেত্র, আহত কয়েকজন

ছবি: প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা–দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দোসতিনা ও ছোনগাছা গ্রামে সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সালেক সর্দার (৬০) এবং অপর পক্ষের নেতৃত্বে খন্দকার হাবিবুর রহমান হাবিব (৪৫)।

সোমবার সন্ধ্যায় দোসতিনা বাজারে আলিমের চায়ের দোকানের সামনে পাকা সড়কে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র নিয়ে হামলায় কয়েকজন গুরুতর আহত হন।

পরবর্তীতে ঘটনার জেরে হাবিব পক্ষের লোকজন পাল্টা অবস্থান নিয়ে বাজারে গেলে প্রতিপক্ষ সরে যায়। এ সময় আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের আরও কয়েকজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!