নড়াইল সদর উপজেলার বড়কুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য শিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০) এবং কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়কুলা এলাকায় হামলা–পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উজ্জ্বল শেখ পক্ষের খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ এবং তাঁদের সমর্থক ফেরদৌস ঘটনাস্থলে নিহত হন। অপর পক্ষের গুরুতর আহত ওসিকুর ফকির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আজ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।
এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত দুটি পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এসএইচ







































