ফাইল ছবি
মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাটিকাডাঙ্গা মোড় এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়। স্থানীয়দের ভাষ্য, আসন্ন ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণের জন্য ওয়ার্ড কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় উভয় পক্ষ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, বিএনপির নাম ব্যবহারকারী একটি উশৃঙ্খল গোষ্ঠী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তার অভিযোগ, ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধন থাকতে পারে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাটিকাডাঙ্গা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এসএইচ
































-20260220112630.jpg)






