• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১২ মার্চের মধ্যে সংস্কার পরিষদ না হলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম


বরিশাল অফিস মার্চ ৮, ২০২৬, ০৭:৫৫ পিএম
১২ মার্চের মধ্যে সংস্কার পরিষদ না হলে রাজপথে নামবে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া না হয়, তাহলে জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় আবারও রাজপথে নামবে তাদের দল।

রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনে তাদের দল অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করে সংসদে গেছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের আরও বেশি আসনে বিজয়ী হওয়ার কথা ছিল।

তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম শাহসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকে বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়ে সংসদে শপথ নিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর এক মাসও হয়নি, কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ ব্যাংককে কেন্দ্র করে মব সৃষ্টি করে ব্যাংক দখলের চেষ্টা, ঋণখেলাপিদের সংসদে আনা এবং দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পুরোনো কায়দা ও পুরোনো সিস্টেম দিয়ে নতুন প্রজন্মকে থামানো যাবে না। মামলা-হামলা অতিক্রম করেই দেশে গণঅভ্যুত্থান হয়েছে। কারও বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠরোধের চেষ্টা করা হলে তা ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসনের গাড়িতে জ্বালানি তেল দেওয়া হলেও সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না।

বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!