• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬, ০১:০৭ পিএম
ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক

ছবি : সংগৃহীত

ঢাকা:  ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। এ সময় পুলিশ প্রায় ১০০ জনকে আটক করেছে বলে জানা গেছে। বিক্ষোভটি আয়োজন করে প্রো-প্যালেস্টিনীয় সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (JVP)। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন হুইসেলব্লোয়ার ও সাবেক মার্কিন সেনা সদস্য চেলসি ম্যানিং।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বিক্ষোভকারী ম্যানহাটনের একটি গুরুত্বপূর্ণ সড়কে জড়ো হন। স্থানটি সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলিব্র্যান্ডের দপ্তরের কাছাকাছি। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই সিনেটর এমন একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যা পাস হলে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ হতে পারত।

বিক্ষোভ চলাকালে “ফ্রি প্যালেস্টাইন”, “বোমা বন্ধ করো” এবং “হত্যা বন্ধ করো”সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে তারা শহরের রাস্তায় মিছিল করেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তির দাবি জানান।

একই সঙ্গে বিক্ষোভকারীরা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, লেবাননে ইসরায়েলের আক্রমণ এবং গাজায় চলমান সামরিক অভিযানের বিরোধিতা করেন। “গাজাকে বাঁচতে দাও”, “ইরানকে বাঁচতে দাও” এবং “লেবাননকে বাঁচতে দাও”—এসব স্লোগানও শোনা যায়।

জেভিড়ি এর প্রকাশিত বিবৃতিতে চেলসি ম্যানিং বলেন, “আমাদের কর্মকাণ্ড ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। সিনেটর শুমার ও গিলিব্র্যান্ড বারবার এমন অস্ত্র বিক্রিকে সমর্থন দিয়েছেন, যা ফিলিস্তিন, লেবানন ও ইরানে সহিংসতায় ব্যবহৃত হচ্ছে। আমরা তাদের আহ্বান জানাই, নিউইয়র্কবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে এসব অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিন।”

পুলিশ জানিয়েছে, ঘটনায় “একাধিক গ্রেপ্তার” হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

পিএস

Link copied!