• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউএনও’র রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিলেন বিএনপি নেতা


ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ১৪, ২০২৬, ১০:৩২ এএম
ইউএনও’র রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে জামাল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতা জামাল উদ্দিন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগ পরীক্ষা ছিল। লিখিত পরীক্ষার পর আওয়ামীলীগের ছেলেদের নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে সেখান থেকে সব কাগজ পত্র নিয়ে গেছেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৷ পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র জামাল উদ্দিন ও তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছেন৷ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি।

উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা কোনো কাগজ নিয়ে আসিনি ৷ প্রতিষ্ঠানে আওয়ামীলীগের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছিলো। আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক ৷

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকেরা ভাইভা নেওয়া শুরু করেন। পরক্ষণেই আমার রুমে তারা অবস্থান করে। এ সময় বিএনপির সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন৷ মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন৷

Wordbridge School
Link copied!