ছবি : প্রতিনিধি
বান্দরবান: পাহাড়ি জেলা বান্দরবানে চলমান তীব্র অকটেন সংকট নিরসনে সরাসরি মাঠে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনকালে তিনি পাহাড়িকা পেট্রোল পাম্পে নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ চালক ও পর্যটকদের মাঝে তেল সরবরাহ নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার বাইকার পর্যটক জেলায় প্রবেশ করছেন। অতিরিক্ত চাহিদার কারণে স্থানীয় ফিলিং স্টেশনগুলো হিমশিম খাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় চালকরা।
জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ও পর্যটন খাতেও। সাঙ্গু নদীর বোট চালক সুইচা প্রু মারমা জানান, তেল না থাকায় বোট চালানো সম্ভব হচ্ছে না।
থানচি পর্যটক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, অকটেন সংকটে তিন্দু, রাজা পাথর ও রেমাক্রী ফলসের মতো জনপ্রিয় স্পটগুলোতে বোট যেতে পারছে না, যা পর্যটন ব্যবসায় বড় লোকসান ডেকে আনছে।
পাহাড়িকা পেট্রোল পাম্পে অবস্থানকালে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ‘তেলের সাময়িক সংকট থাকলেও কৃত্রিমভাবে মজুদ করে সরবরাহ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম ও সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তেলের অতিরিক্ত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাইকে করে পর্যটকদের ভ্রমণে আসা কিছুটা নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
পিএস

























-6a397791a3645-20260622190839.jpg)













-6a32f19d55b2f-20260617232139.jpg)