• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যশোরে চলন্তবাসে আগুন, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা


যশোর প্রতিনিধি মার্চ ২৭, ২০২৬, ০৭:১৬ পিএম
যশোরে চলন্তবাসে আগুন, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা

ছবি : প্রতিনিধি

যশোর: যশোর সদর উপজেলায় ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউ দাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটি বিকট শব্দে বন্ধ হয়ে যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ইঞ্জিনে ত্রুটির কথা জানান বাস মালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

পিএস

Wordbridge School
Link copied!