ছবি: প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলের একটি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী খালে পড়ে আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত ব্রিজটি হঠাৎ ভেঙে যায়। এতে ওই এলাকার হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
জানা যায়, ২০০৭ সালে ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিজটি নির্মাণ করে। তবে নির্মাণের পর আর কোনো সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিদিন কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করতেন। শনিবার সকালে একটি মোটরসাইকেল পারাপারের সময় ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় দুই আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি ভেঙে যাওয়ায় গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছোটবগী, গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা ও উম্মুল কুরা স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































