• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা


নড়াইল প্রতিনিধি মার্চ ২৯, ২০২৬, ০৯:৫৮ এএম
তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা

ফাইল ছবি

নড়াইল: নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যা (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালকদের সঙ্গে তার তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাকচালক জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। এর কিছু সময় পর রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে এসে ঘাতক ট্রাকটি তাদের মোটরসাইকেলের ওপর তুলে দেয়।

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় নাহিদ সরদারের। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক ও সহকারী ট্রাকসহ পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে নড়াইলে তেলের তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত চালক ও ঘাতক ট্রাকটি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!