বরিশালে নোঙর করা ঢাকাগামী রিজার্ভ লঞ্চ কীর্তনখোলা-১০-এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১ এপ্রিল ) রাত আনুমানিক ৮টার দিকে লঞ্চটির ৩২৫ নম্বর কেবিনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার সময় কেবিনে কোনো যাত্রী বা কর্মচারী অবস্থান করছিলেন না।
লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন কেবিনের ভেতরেই সীমাবদ্ধ থাকে। তবে কেবিনের ভেতরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়।
এদিকে চরমোনাই ঘাট এলাকায় একই সময়ে আরও বেশ কয়েকটি বিলাসবহুল লঞ্চ নোঙর করা ছিল, যেখানে হাজার হাজার যাত্রী অবস্থান করছিলেন। ফলে সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষতি হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে লঞ্চ কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চগুলোতে বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর বিশেষ নজরদারি জোরদার করতে হবে। ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এম







































