হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এ পথে ১৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। আখাউড়া রেলওয়ের প্রকৌশলী দল ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। তবে লাইন সচল করতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে উদ্ধার ও পুনরুদ্ধার কাজে বর্তমানে চারটি ইউনিট একযোগে কাজ করছে। সেনাবাহিনী, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।
মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি জানান, রেলের বিশেষজ্ঞ দল নিরলসভাবে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব আংশিকভাবে লাইন চালুর চেষ্টা চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন বা নিকটবর্তী সেতুর দুর্বলতা এ ঘটনার কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি উঠেছে।
বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এসআই







































