• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু


সিলেট প্রতিনিধি  এপ্রিল ২, ২০২৬, ০৫:১৩ পিএম
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

ফাইল ছবি

ঢাকা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শেষে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে আপাতত ঝুঁকি থাকায় ট্রেনগুলোকে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতুর পূর্ণাঙ্গ সংস্কারকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে।

এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন মনতলা স্টেশন অতিক্রম করার পর ৬টি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে লাইন আংশিক সচল করা সম্ভব হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!