• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বানারীপাড়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার


বানারীপাড়া প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৬, ০৩:২৮ পিএম
বানারীপাড়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় স্বামীর নির্যাতনে গৃহবধূ মাহিয়া আক্তার (১৮) নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে বুধবার গভীর রাতে ঢাকার নন্দীপাড়া এলাকার ছোট বটতলার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাকে বানারীপাড়া থানায় আনা হয়।

নিহত মাহিয়া আক্তার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন কবিরের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে একই এলাকার মাসুম মৃধার ছেলে রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকায় বসবাস করতেন।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মাহিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। স্থানীয়দের ভাষ্য, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে মারধর করা হতো। সর্বশেষ এক সপ্তাহ আগে স্বামী ও শাশুড়ির মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাহিয়া।

পরে পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গত ৮ এপ্রিল সকালে তাকে নিজ বাড়িতে আনা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ 

Link copied!