ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) ৫ দিনের জেল প্রদান করা হয় এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েক যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তারা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আটক করে। ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করে।
দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
পিএস







































