• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আদ-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি, ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০২৬, ০৬:৫৩ পিএম
আদ-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি, ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানের হাসপাতাল ও কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় আদ-দ্বীন মেডিকেলের ছাদে একটি বেকারি কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

শনিবার (৩০ মে) বিকেল পাঁচটার দিকে মন্ত্রী হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেডিকেল কলেজের সন্নিকটে থাকা বেকারি কারখানাটি পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি আদ-দ্বীন হাসপাতালের ভেতরে নয়, বরং আদ-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। কারখানাটি থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে স্থাপনাটি হাসপাতাল-সংলগ্ন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রাজধানীর এই হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিএস

Link copied!