• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্রি চিকিৎসা পেলেন চরাঞ্চলের সাত শতাধিক মানুষ


কুড়িগ্রাম প্রতিনিধি  মে ৩০, ২০২৬, ০৪:২৬ পিএম
ফ্রি চিকিৎসা পেলেন চরাঞ্চলের সাত শতাধিক মানুষ

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: ধরলা নদী পাড়ি দিয়েই পৌঁছাতে হয় কাগজি পাড়া চরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই চরাঞ্চলের মানুষের কাছে চিকিৎসা যেন এক বড় সংগ্রামের নাম। ঈদের আনন্দের সময়েও অনেক পরিবারকে ভুগতে হয় নানা শারীরিক সমস্যায়। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে অসহায় চরবাসীর পাশে দাঁড়ালেন স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী।

শনিবার (৩০ মে) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া এলাকায় ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ সাত শতাধিক চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

সকাল থেকেই দূর-দূরান্তের বিভিন্ন চর এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

কাগজি পাড়া চরের বাসিন্দা আফরোজা বেগম বলেন, আমাদের চরে ডাক্তার পাওয়া খুব কষ্টের। অসুস্থ হলে নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। এই ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে।

আরেক বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ঈদের সময় এমন আয়োজন সত্যিই আমাদের জন্য অনেক বড় সহায়তা। গরিব মানুষ চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছে।

স্থানীয় আল আমিন সরকার বাবলা বলেন, আমাদের এখানকার মানুষ সবকিছু থেকে পিছিয়ে। বিশেষ করে চিকিৎসা নিতে গেলে জেলা শহরে যেতে হয়, যেটা অনেকের সার্মথ্য নেই। আজ এখানে চিকিৎসা পেয়ে অনেক খুশি চরবাসী।

আয়োজক হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, চরের মানুষ এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

পিএস

Link copied!