ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সেলাইকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ মুন্সিগঞ্জের রনছ হাওলাপাড়া গ্রামের মৃত সুজন শেখের ছেলে।
গত ৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় বিপ্লব শেখ (২৬) নামে এক সেলাইকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। প্রথমে কারখানা থেকে তার বোনকে ফোন করে জানানো হয়, তিনি স্ট্রোকে মারা গেছেন।
পরে পরিবারের সদস্যরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান। দাফনের আগে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে মুন্সিগঞ্জ সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানার সমন্বয়ে মরদেহ পুনরায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার পারভেজ মামলার প্রধান আসামি। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি মিতালী মার্কেটের একটি কারখানায় সেলাইকর্মী হিসেবে কাজ করতেন।
এসএইচ







































