• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুকুরের মাছ নিয়ে তাড়াশে সংঘর্ষ, নারীসহ আহত ১৮


সিরাজগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৫১ পিএম
পুকুরের মাছ নিয়ে তাড়াশে সংঘর্ষ, নারীসহ আহত ১৮

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার একদল লোক পুকুরে মাছ ধরতে গেলে মসজিদ কমিটির সদস্যরা বাধা দেন। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে মসজিদ কমিটি ও গ্রামবাসী মাছ ধরার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে কর্মসূচি বন্ধ করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মসজিদ কমিটির দাবি, পুকুরে চাষ করা মাছ বিক্রির অর্থ মসজিদের উন্নয়নে ব্যবহৃত হয়। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে। অন্যদিকে প্রতিপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

এসএইচ 

Link copied!