পঞ্চগড় জেলার বোদা উপকণ্ঠের অজপাড়া গিদালপাড়া গ্রামের এক মেধাবী ছাত্র মো. সজিব ইসলাম দেশের ৭ টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কৃষক পরিবারের এই ছাত্র নিজের পড়াশোনার জোরে ঘরে তুলেছেন অভূতপূর্ব সাফল্য।
সজিব ইসলাম জানান, স্থানীয় সাকোয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস ও সাধারণ বৃত্তি লাভ করেন। স্কুল জীবন থেকেই তিনি অদম্য মনোভাবের পরিচয় দেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, পড়ালেখায় কোনো অনলাইন বা অফলাইন কোচিং নির্ভর ছিলেন না তিনি। কলেজের প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নিজের যোগ্যতা প্রমাণ করেন।
তার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল হলো: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৫তম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ২৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ৯২তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ১১৫তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১২৭তম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৭৬তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৬৪৩তম।
সজিব ইসলামের বাবা একজন কৃষক, মা গৃহিণী। তিনি বলেন, "আমাদের গ্রামকে অজপাড়া বলা যায়। এখানে তেমন শিক্ষিত মানুষ নেই। এলাকার মধ্যে আমিই একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি।"
তিনি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরও জানান, "কলেজে পড়াকালীন আমি নিজে নিজেই পড়তাম। এডমিশনের সময়ও অনেক পরিশ্রম করেছি।"
পঞ্চগড়ের বোদার এই মেধাবী ছাত্রের সাফল্য স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। শিক্ষাবিদরা মনে করছেন, প্রতিকূল পরিবেশ ও সীমিত সংস্থান নিয়েও সজিবের অর্জন উদীয়মান শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
এম







































