• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২৬, ০৩:১৩ পিএম
সেনারা দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরে যাচ্ছেন: সেনাপ্রধান

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, ‘২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’

প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’

জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

পিএস

Link copied!