ছবি : প্রতিনিধি
নড়াইল: নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও সাপ্তাহিক চাল আদায়ের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) সকালে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন এবং মসজিদের জন্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা সাপ্তাহিক চাল বিক্রির টাকার হিসাব নিয়ে স্থানীয় আকরাম মোল্যা ও জিল্লুর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে চাল আদায়ের হিসাব ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আকরাম মোল্যা, আশিকুর রহমান, জিল্লুর রহমান সিকদার, কাওসার সিকদারসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএস







































