ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঈদের দিনে মাংস খেতে বসে গলায় আটকে আখি তারা খাতুন নামের (১১) এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আখি ওই এলাকার আব্দুল্লাহ এর মেয়ে। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেতে বসে আখি। ওই সময় হঠাৎ আখির গলায় মাংস আটকে যায়। ঠিক তখনি সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর আখির শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক।
এই ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদ আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
মৃত শিক্ষার্থীর চাচা বলেন, ‘ঈদের নামাজ শেষে সকালে পরিবারের সঙ্গে আখি খেতে বসে। ওই সময় মাংস খেতে গিয়ে গলার শ্বাসনালীতে মাংস আটকে মেয়েটা মারা যায়।’
মৃত আখির দাদা বলেন, ‘সকালে মাংস খাওয়ার সময়ে গলায় আটকে যায়। এরপর মেয়ে কথা বলতে পারে না। ওই সময় গলা দিয়ে রক্ত উঠছিল। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ডাক্তার বললো মারা গেছে।’
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাবার খাওয়ার সময়ে গলায় মাংস আটকে যায় আখি নামে এক শিশুর। পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে আখি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।’
পিএস







































