ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুদের একজন কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ২২ মে দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়া, হৃদরোগজনিত জটিলতা ও মেনিনজাইটিসে আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার সাড়ে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গত ২৫ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।
অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫৪৯ শিশু।
পিএস







































