ফাইল ছবি
ঢাকা: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন (ঋণের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় সংরক্ষিত অর্থ) সংরক্ষণে বড় ঘাটতি রয়ে গেছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা। এক বছর আগে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এই ঘাটতি ছিল ৩ লাখ ৪৪ হাজার ২০১ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রভিশন ঘাটতি কমেছে প্রায় ১ লাখ ২৫ হাজার ৮৬৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক খাতের ঋণসংক্রান্ত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি ২৮ লাখ টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮১ কোটি ৭৪ লাখ টাকা। ফলে প্রয়োজনীয় প্রভিশনের মাত্র ৫৪ দশমিক ৭৫ শতাংশ সংরক্ষণ করতে পেরেছে ব্যাংকগুলো।
এদিকে চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে প্রভিশন ঘাটতি সামান্য কমেছে। জুন শেষে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি। তিন মাসে ঘাটতি কমেছে প্রায় ৪ হাজার ১৯ কোটি টাকা। তবে এই উন্নতি ব্যাংক খাতের সামগ্রিক ঝুঁকি মোকাবিলার জন্য যথেষ্ট নয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি ১১ লাখ টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। নিট খেলাপি ঋণের হার ১৬ দশমিক ১২ শতাংশ।
ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার ফলে ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণের চাপও বাড়ছে। নিয়ম অনুযায়ী, ঋণের শ্রেণিমান অনুযায়ী সম্ভাব্য ক্ষতির বিপরীতে ব্যাংকগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে ব্যাংকের মুনাফা, মূলধন ও আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি হয়।
সামগ্রিকভাবে এক বছরে প্রভিশন ঘাটতি কমলেও ব্যাংক খাতে এখনো ২ লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। বিপুল অঙ্কের এই ঘাটতি ব্যাংক খাতের দুর্বল আর্থিক অবস্থারই প্রতিফলন। খেলাপি ঋণ আদায় এবং প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ নিশ্চিত করা এখন ব্যাংক খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।
এএইচ/পিএস






































