• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শ্রমিক নিহত


বান্দরবান প্রতিনিধি জুন ৯, ২০২৬, ০৬:১৫ পিএম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

ছবি : প্রতিনিধি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-১ (ব্লক-সি) এলাকার মো. আনুর ছেলে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৪০ এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ দূরে শাহ আলমের বাগানে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। কাজ করার একপর্যায়ে মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর তার পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

ঘটনার পরপরই বাগানের অন্য সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ (মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্স) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আহত এক রোহিঙ্গা শ্রমিককে তার সহকর্মীরা উদ্ধার করে উখিয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

পিএস

Link copied!