ছবি: প্রতিনিধি
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজের সরকারি বেতনের অর্থ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান এবং দুজনকে চাকরির ব্যবস্থা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি নিজের পাওয়া সরকারি সম্মানী বা বেতনের একটি অংশ জেলার চারটি শহীদ পরিবারকে নিয়মিত প্রদান করে আসছেন। এসব পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
সহায়তার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এরই ধারাবাহিকতায় তাঁর সুপারিশে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন চাকরি পেয়ে ইতিমধ্যে যোগদান করেছেন। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষে মাড়েয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, প্রতিমন্ত্রীর নির্দেশ ও সুপারিশেই দুই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে একটি দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, ১৯৭১ সালের চেতনার মতোই ২০২৪ সালের ত্যাগকেও তাঁরা ধারণ করেন। সেই জায়গা থেকেই শপথ নেওয়ার পর সরকারি সম্মানী থেকে শহীদ পরিবারগুলোকে মাসিক সহায়তা দেওয়া হচ্ছে এবং দুই পরিবারের দুই সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এসএইচ






































-20260722160634.jpg)
