ছবি : প্রতিনিধি
লালমনিরহাট: লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-দুই এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন, মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন এবং হাতিবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান, তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।
এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১৮ জুন ১৫ বিজিবি লালমনিরহাটের একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও চারজন মাদক কারবারিকে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে হাতীবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ চার্জশিট আদালতে দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাড. সামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ বছর কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থ অনাদায়ে আরো আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
পিএস







































