• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের সদস্য রুবেল গ্রেপ্তার


খুলনা প্রতিনিধি আগস্ট ৬, ২০২৬, ০৫:৪২ পিএম
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের সদস্য রুবেল গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

খুলনা: খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাতে নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তারকৃত শিবলী হোসেন রুবেল রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। পুলিশ জানায়, সে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। গ্রেপ্তার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও অপর সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। সকল সন্ত্রাসীদের মূল ধ্বংস করে শান্তির নগর হিসেবে খুলনাকে প্রতিষ্ঠিত করা হবে। 

পিএস

Link copied!