• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাজিরায় সাংবাদিকের ওপর হামলা, মামলা রুজু করেনি ওসি


শরীয়তপুর প্রতিনিধি আগস্ট ৬, ২০২৬, ০২:৪৮ পিএম
জাজিরায় সাংবাদিকের ওপর হামলা, মামলা রুজু করেনি ওসি

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করা হলেও দীর্ঘ সময় পারেও মামলা রুজু না করার অভিযোগ উঠেছে। 

একই সঙ্গে হামলার ঘটনায় এজাহারে নাম থাকা প্রধান অভিযুক্তকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো গ্রেপ্তার অভিযান চালায়নি বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাজিরা উপজেলা মডেল মসজিদের মাঠে জামায়াতে ইসলামীর কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার ভিডিও ধারণ করছিলেন বিজয় টিভির জাজিরা প্রতিনিধি জুয়েল মিয়া।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের কারণে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও মামলাটি রুজু করা হয়নি।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলার ঘটনায় এজাহারে প্রধান আসামি হিসেবে নাম থাকা ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করছেন। এমনকি তাকে জাজিরা থানার ওসির সঙ্গে বৈঠক করতেও দেখা গেছে।  ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং আহত সাংবাদিক থাকার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি এবং মামলা রুজুতেও বিলম্ব করছেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করছি।’ তবে লিখিত এজাহার জমা দেওয়ার পরও মামলা রুজু হতে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা দ্রুত মামলা রুজু, নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পিএস

Link copied!