ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তা বিশ্বাস বা স্বীকার করতে চায় না। বিএনপি সরকার জ্বালানি, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি সরকার ছয় মাস পার করেছে। তারা তিনটি সেক্টরকে অগ্রাধিকার দিয়ে বিশেষভাবে নজর রাখার কথা বলেছিল। এর মধ্যে জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু এসব জায়গায় তারা ফেল করেছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কমিটি গঠন করা জরুরি। এ কারণে এনসিপি দেশের বিভিন্ন জেলায় সফর করছে। দেশের প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। এবার স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে এনসিপির একজন করে প্রার্থী প্রাথমিকভাবে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপির গড়ে ওঠা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি ধাপ সম্পন্ন হবে।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে সারজিস আলম বলেন, সংসদকে যেভাবে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, এ অপচেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলকে গ্রহণ করতে এবং তাদের কথা বলার সুযোগ দিতে হবে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করলে আমরা সহযোগিতা করব। আর জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই করা হবে।
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস বলেন, মধ্যবিত্ত হিসেবে যারা নিজেদের পরিচয় দেন, তারাও জানেন তারা ঋণগ্রস্ত। ঠিকমতো চলতে পারছেন না। মানুষ গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না। কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতেই বিভাগীয় শহরগুলোতে লংমার্চ করা হচ্ছে। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, তারা কোথায় কোথায় ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে মানুষের কাছে সরকার ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
পিএস























original1787417799-20260822173831.jpg)















