• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, আহত ২


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:১৭ পিএম
বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, আহত ২

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলায় নারীসহ দুজন আহত হয়েছেন। প্রতিবেশীরা টের পেয়ে যাওয়ায় ডাকাতেরা কোনো মালামাল লুট করতে পারেনি। তবে পালানোর সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা।

শুক্রবার রাতে উপজেলার সাতশৈয়া গ্রামে মাছ ব্যবসায়ী মাহবুব মল্লিকের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় গৃহকর্তা মাহবুব মল্লিক ও তার বোন রেহানা আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রাত তিনটার দিকে ছয়জনের একটি ডাকাত দল ক্ল্যাপসিবল গেটের তালা ভেঙে মাহবুব মল্লিকের ঘরে ঢোকে। প্রথমে তারা মাহবুবের বোন রেহানাকে মারধর করে মুখ বেঁধে জিম্মি করে। পরে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা মাহবুবকে ডেকে তুলে নগদ টাকা ও মালামাল চায়। মূল্যবান কিছু নেই জানালে ডাকাতেরা লোহার রড দিয়ে মাহবুবকে পেটায়।

একপর্যায়ে রেহানা কৌশলে মুখের বাঁধন খুলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা সামনে আসা মাহবুবের চাচাতো ভাই শাহজাহান মল্লিকের স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে দুটি ককটেল ফুটিয়ে পালিয়ে যায় তারা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুর রহমান জানান, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএইচ 

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!