ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালকদের অধিকার আদায়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. জসিম।
সংগঠনের শাখা সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবির। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল কবির বলেন, দেশের পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে চালকেরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। চালকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। নবগঠিত এই শাখা অফিস তাদের পাশে থেকে সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
উদ্বোধকের বক্তব্যে মো. জসিম চালকদের শৃঙ্খলা রক্ষা করে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং চালকদের সার্বিক নিরাপত্তায় সংগঠন কাজ করে যাবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত অন্য নেতারাও চালকদের কর্মক্ষেত্রের বিভিন্ন ঝুঁকি নিরসন ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহসভাপতি আরশাদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মো. মনির, সহপ্রচার সম্পাদক কামাল, আলাউদ্দিন, জামান চৌধুরী, শামীম ভূঁইয়া, রোমান মোল্লা, জাহিদুল, কাজী রাজনসহ আঞ্চলিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ







































