ছবি: প্রতিনিধি
জনগণের অধিকার ক্ষুণ্ন করা হলে বিরোধী দল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি কাউকে পুনরায় একই পথে না হাঁটার আহ্বান জানান।
শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরের হত্যাকাণ্ড, শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি ও জুলাই গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নেই। বর্তমান সরকার গণভোটে দেওয়া ওয়াদা থেকে সরে এসে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি অভিযোগ করে বলেন, কোনো আঘাত আসলেও তারা দেশ ছেড়ে পালাননি, বরং মাটির সঙ্গেই আঁকড়ে ছিলেন। যুবসমাজকে একটি ভয়হীন ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সম্পাদক আবদুর রহীমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
নাহিদ ইসলাম বলেন, সরকার নির্বাচিত হওয়ার পর দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। উল্টো বিদ্যুৎ ও গ্যাস সংকট সৃষ্টি করে কর্মসংস্থান ব্যাহত করছে এবং রাজপথে বিরোধী দলকে দমনে লিপ্ত রয়েছে। ছয় দফা দাবি না মানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারা। পথসভা শেষে নেতাদের মোটর শোভাযাত্রাটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
এসএইচ







































