• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ, এসআই প্রত্যাহার


নওগাঁ প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:২৫ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ, এসআই প্রত্যাহার

ছবি : প্রতিনিধি

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আবার ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

এসআই অসিত কুমার বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাকিবুলকে ধরতে অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাঁকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে চলে যান। পরে রাতে আবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় রাকিবুলকে আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

এসআই অসিত কুমার জানান, রাকিবুলকে তিনিই গ্রেপ্তার করেছেন। পরে তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে তাঁকে সরাসরি কিছু বলেননি বলেও জানান তিনি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে রাকিবুলকে পেয়ে ছেড়ে আসা হয়েছে—এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে গ্রেপ্তার করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার রাকিবুলকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘প্রথমবার কেন পালিয়ে গেল, এ জন্য তাকে ক্লোজ করা হয়েছে। এলাকায় আলোচনা-সমালোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ দায়িত্ব পালনের সময় এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

পিএস

Link copied!