• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পৌর নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি দেখছে জামায়াত: মতিউর রহমান


জামালপুর প্রতিনিধি অক্টোবর ১৬, ২০২৬, ০৭:০৯ পিএম
পৌর নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি দেখছে জামায়াত: মতিউর রহমান

ছবি : প্রতিনিধি

জামালপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেবল পৌরসভা পরিচালনার প্রতিযোগিতা হিসেবে দেখলে চলবে না। জনগণের আস্থা অর্জন এবং ভবিষ্যতের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্র হিসেবেও একে গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) শহরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা, স্থানীয় সরকার নির্বাচন এবং জামালপুর পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্য অর্জনে স্থানীয় নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। এ জন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, মানুষের কাছে দলের বক্তব্য তুলে ধরা এবং নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন। জামালপুর পৌরসভা নির্বাচনে জয়ী হতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কার কথা তুলে ধরেন। এ আশঙ্কা মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং রাজনৈতিকভাবে সংগঠিত থাকার ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্য সামনে রেখে পথসভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের কথাও উল্লেখ করেন।

ছাত্র আন্দোলনের সাবেক সহযোদ্ধাদের উদ্দেশে মতিউর রহমান আকন্দ বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে ভবিষ্যতের দায়িত্ব পালনে কাজে লাগাতে হবে। পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতিতে ভূমিকা রাখতে হবে। তাঁর বক্তব্যে সাবেক সহযোদ্ধাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে দলীয় তৎপরতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির মুহাম্মদ আব্দুস সাত্তার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমির মো. আল ইমরান সুজন।

ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এ মিলনমেলায় অতীতের আন্দোলনের স্মৃতি, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বক্তাদের বক্তব্যে জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পায়।

পিএস

Link copied!