• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোটরসাইকেল মালিকদের জরুরি নির্দেশনা দিল বিআরটিএ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৬, ০৬:৪৫ পিএম
মোটরসাইকেল মালিকদের জরুরি নির্দেশনা দিল বিআরটিএ

ছবি : সংগৃহীত

ঢাকা: মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

সম্প্রতি বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এ বিধান কার্যকর করতেই মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরির উপকরণ ও নকশার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। সাদা বা প্রাকৃতিক ধাতব রঙের পটভূমিতে কালো রঙে স্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মোটরসাইকেলের সামনে মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপি দৃশ্যমান রাখতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেল মালিককে নিজ দায়িত্বে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। অন্যথায় সড়ক পরিবহন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

পিএস

Link copied!